দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সমাজ সচেতনতামূলক নানা বিষয় নিয়ে মাঝে মাঝেই কথা বলেন। তার পশুপ্রীতির কথা সবাই জানেন। করোনার মধ্যে অসহায় কুকুরদের মাঝে খাবার বিলি করতেও দেখা গেছে তাকে। নানা সময় পরিবেশে সচেতনতামূলক কর্মকাণ্ডেও তিনি অংশ নিয়েছেন। সোচ্চার থাকেন নানা অন্যায়ের প্রতিবাদেও। এই অভিনেত্রীর সংবেদনশীল হৃদয় এবার কেঁদে উঠল রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানালেন ওই ঘটনায় তিনি স্তব্ধ, শোকাহত।
জয়া আহসান বলেন, ‘নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বহু মানুষ। এমন মর্মান্তিক ঘটনায় আমি স্তব্ধ ও শোকাহত। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি।এই অকস্মাৎ ক্ষতিতে স্বজনহারা হলো বহু পরিবার। তাদের প্রতি আমার একান্ত সমবেদনা রইল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র। শ্রমিক নিহত এবং আগুন নেভাতে দেরির ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
