হাইতির প্রেসিডেন্টকে মেরেছে বিদেশি হিট স্কোয়াড

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১১:৩৯ পিএম

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে ২৮ জনের বিদেশি ভাড়াটে খুনিদের একটি দল হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের একটি বাড়িতে বন্দুকযুদ্ধের পর এ খুনিদের বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে। ভাড়াটেদের মধ্যে কলম্বিয়ার এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যও রয়েছে।

গত বৃহস্পতিবার খুনি হিসেবে আটক এসব ভাড়াটেকে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়। পাশাপাশি দেখানো হয় জব্দকৃত অস্ত্র। ওইদিন রাজধানীর একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। এছাড়া আরও আটজন পালিয়ে যায়। পুলিশ বলছে, হামলার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডের খোঁজ অব্যাহত রেখেছে তারা।

হাইতির পুলিশ বলছে, প্রেসিডেন্টকে হত্যার হিট স্কোয়াডে কলম্বিয়ার ১৫ নাগরিক ছাড়াও হাইতিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দুই নাগরিকও ছিল। খুনিদের গ্রেপ্তারের তল্লাশি অভিযানে যোগ দেয় ক্ষুব্ধ বেসামরিক মানুষও। ওই অভিযানে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা হাইতির মানুষ হতভম্ব হয়ে পড়েছি, এটা মেনে নেওয়া যায় না। আমরা সাহায্য করতে প্রস্তুত কারণ এর পেছনে কারা আছে, তাদের নাম, তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের জানা প্রয়োজন যাতে করে বিচার বিভাগ তার কাজ করতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত