করোনায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে অধ্যক্ষদের কাছে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ১২ জুলাইয়ের মধ্যে এই লিংকে http://103.113.200.29/student_covidinfo প্রবেশ করে তথ্যছক পূরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিজ নিজ কলেজের তথ্যছক পূরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষার্থী বিবেচনায় দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অধীনে কলেজ রয়েছে ২ হাজার ৩০০টি। যেখানে ২০ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। করোনা পরিস্থিতিতে গত বছর মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
