নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ভুয়া র্যাব পরিচয়ের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে একজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিন ও রাতে তাদের আটক করা হয়।
নোয়াখালীতে আটক দুই ব্যক্তির নাম মাঈন উদ্দিন (৩৩) ও আবদুল মন্নান প-িত (৪৬)। আটকরা তাদের র্যাব ও র্যাবের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ভুয়া প্যাড, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। গতকাল দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে মো. জাকির হোসেন (৩৪) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রতারক জাকির রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদানীনগর এলাকায় পুলিশ পরিচয়ে বিভিন্ন দোকান থেকে মালপত্র কিনে টাকা দিতেন না। শুক্রবার সকালে স্থানীয় বাগদাদ হোটেলে গিয়ে হোটেল খোলা রাখায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে এলাকাবাসী তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে।
