কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৮:৪৩ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টোর রুম থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে ওষুধগুলো অন্যত্র সরিয়ে নেয়ার সময় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী।

সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি, উপস্বাস্থ্য কেন্দ্র ও ওয়ার্ডে ওষুধের চাহিদা অনুযায়ী সরবরাহ না করে স্টোরে জমা করতে থাকেন। এতে কয়েক বছরে ওই স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। রোববার দুপুরে মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ পরিত্যাক্ত জিনিসের সঙ্গে ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোর রুমের পাশে পুরুষ ওয়ার্ডের সামনে জমা করে রাখা হয়। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধগুলো উদ্ধার করেন। এ সময় তিনি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। অন্যের দোষ আমার ওপর চাপানোর চেষ্টা চলছে। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিরাজ আহমেদকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত