সিরিয়া থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার চায় রাশিয়া

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:১৮ এএম

আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। শনিবার মস্কোয় এ আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্দার ল্যাভরেন্তিয়েভ। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যে সেনা মোতায়েন করেছে তা স্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করেছে তাও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আলেক্সান্দার ল্যাভরেন্তিয়েভ।

তিনি আরও বলেন, সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ামাত্রই এসব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করে মস্কো। রাশিয়ার সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি জানান, সিরিয়া থেকে যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা শুরু হতে পারে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপারেও ওয়াশিংটন একই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করছেন। এই রুশ কূটনীতিক আরও বলেন, বিদেশি সেনা প্রত্যাহার করে নিলে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত হবে। লুণ্ঠনের হাত থেকে রক্ষা পাবে দেশটির প্রাকৃতিক সম্পদ। সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত