ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন চট্টগ্রামের ডিসির

আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:৪৫ এএম

দেশের বিভিন্ন জায়গায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর ভেঙে যাওয়া কিংবা ফাটল ধরার ঘটনায় এবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন।

গত শনিবার দুপুরে ফটিকছড়ির পাইন্দং ও বিকালে ফটিকছড়ি পৌরসভা এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প একটি নজিরবিহীন মানবিক উদ্যোগ হিসেবে বিশ্বব্যাপী যখন প্রশংসিত হচ্ছে; তখন একটি বিরোধী গোষ্ঠী সেই উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছে। শত-সহস্র নির্মিত ঘরের মধ্যে ১% হয়তো নানা কারণে নষ্ট হতে পারে; তবে ৯৯% ঘরে কোনো সমস্যা দেখছি না। ফটিকছড়ি সেক্ষেত্রে নজির হতে পারে। তবে যে সব ঘর নষ্ট হয়েছে; সেগুলো আমরা সরকারের তরফ থেকেই সংস্কার কিংবা পুনর্নির্মাণ করে দেব। এ সময় তিনি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও গাছের চারাও বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ির ইউএনও সায়েদুল আরেফিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত