আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৩:৫৪ পিএম

আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও কাগজপত্রবিহীন ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার বিকেল ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- গোপালগঞ্জের মাসুদ মৃধা (৩৩), নারায়নগঞ্জের সোহাগ মোল্লা (২৫), বি-বাড়ীয়ার মাসুদুর রহমান (৩৬) ও গাইবান্ধার ইউসুফ আলী (৩০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

র‌্যাব জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ০১টি প্রাইভেটকার, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি হাশুয়া, ০৪টি চাকু ও ১২টি মোবাইলসহ নগদ ৫,৬১০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।     

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ দূর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্র। তারা বেশ কিছুদিন ধরে ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিল এবং ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত