নাটকে জুটিবদ্ধ হলেন চিত্রনায়ক শিপন ও নায়িকা কেয়া

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৭:৫০ পিএম

সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। নাটকের নাম ‘জামাই দুই নম্বরী’।  এটি রচনা করেছেন কমল সরকার ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।  দুই দিন হয় নাটকটির শুটিং হচ্ছে ঢাকার আশপাশে।

কেয়া  বলেন, ‘প্রায় ৪ বছর পর আবার নাটকের কাজ করছি।  যদিও সিনেমায় অভিনয়েই আগ্রহ বেশি আমার।  তবে ঈদ কিংবা বিশেষ কোনো আয়োজনে যেহেতু দর্শক বেশি থাকে টিভি নাটকে তাই এবার নাটকে অভিনয় করছি। এ নাটকে কাজ করার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল।  কারণ গল্পটাই ভিন্ন ধাঁচের। তা ছাড়া নির্মাতা ও কো-আর্টিস্ট ভালো।  আশা করছি নাটকটি উপভোগ্য হবে।’

শিপন মিত্র বলেন, ‘এর আগেও আমি সাদেক সিদ্দিকী ভাইয়ের অনেক নাটকেই অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে ভালোই লাগে।  তা ছাড়া আমার কো-আর্টিস্ট অনেক ভালো।  এ নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে।  আশা করছি, সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, শিপন ও কেয়া ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন।  রকিবুল আলম রকিবের পরিচালনায় সম্প্রতি সিনেমার ডাবিং শেষ করেছেন। নির্মাতা জানালেন, নাটকটি আগামী ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত