ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে নারী কবিরাজকে কুপিয়ে খুন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:৩১ এএম

গাইবান্ধায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে। চট্টগ্রামের বাঁশখালীতে নারী কবিরাজ নিহত হয়েছেন তরুণের দায়ের কোপে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে উদ্ধার করা হয়েছে তরুণের ঝুলন্ত লাশ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসীর স্ত্রীর। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

গাইবান্ধা : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে রকি (৩২) খুন হয়েছেন। গত রবিবার রাত ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার একটি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। আশিকুর উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের মৃত সৈদার রহমানের ছেলে। তিনি ২০১৫ সাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু সোহেল মিয়া (৩০) ও প্লাবন (৩২) আহত হন।

এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে আশিকুরের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে আশিকুর গাইবান্ধা শহর থেকে ওষুধ কিনে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাইবান্ধা-বালাসিঘাট সড়কের পূর্বপাড়ায় এলে দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আশিকুরকে আঘাত করে। এ সময় সোহেল ও প্লাবনের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালীর শীলকূপে মহিলা কবিরাজ ফাতেমা বেগমের (৪৩) কাছে ‘ডাবপড়া’ নিতে আসা যুবক মো. এহছানের (২৪) এলোপাতাড়ি কোপে গুরুতর জখম ফাতেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ এহছানকে আটক করেছে।

গতকাল সকালে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২) ও বৃষ্টি (১০) এবং প্রতিবেশী রাবেয়া বেগম (৩৫)। এহছান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া মেহেরজান বাপেরবাড়ির মো. ইব্রাহীমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্যমতে, এহছান প্রেমিকাকে পেতে কয়েক দিন আগে তাবিজ নেন কবিরাজ ফাতেমার কাছ থেকে। এতে কাজ না হওয়ায় গতকাল তিনি ‘ডাবপড়া’ নিতে আসেন। কিন্তু ফাতেমা তা দিতে রাজি না হওয়ায় এহছান দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, জড়িত যুবককে আটক করা হয়েছে।

বরিশাল : বাকেরগঞ্জ উপজেলার সদর রোডের একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুম থেকে উদ্ধার করা হয়েছে তরুণের ঝুলন্ত মরদেহ। তার নাম কারিবুল আলম (২৬)। তিনি বরিশাল নগরের ভাটিখানা এলাকার জানে আলমের ছেলে। গতকাল সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকা-। তবে শ^শুরবাড়ির লোকজনের দাবি বিষপানে আত্মহত্যা করেছেন নিশা আকতার (২৬)। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের গাবতল গ্রামের মোহাম্মদ মুছার ছেলে আবুল কালাম নিশার স্বামী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত