যৌথভাবে টিকা উৎপাদন নিয়ে চীনের প্রতিষ্ঠানের আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১০:১৮ পিএম

বাংলাদেশে যৌথভাবে চীনা টিকা উৎপাদনের শর্ত নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিনোফার্ম ও সিনোভ্যাক দুই চীনা প্রতিষ্ঠানই এখানে যৌথভাবে টিকা উত্পাদন করতে চায়। এ বিষয়ে তারা বাংলাদেশি প্রতিষ্ঠানও নির্বাচন করে ফেলেছে। তাদের মধ্যে আলোচনা চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, ‘চীন ও রাশিয়া প্রযুক্তি হস্তান্তর করতে চায় না। তারা, কেবল এখানে উত্পাদনের জন্য চূড়ান্ত উপকরণগুলো সরবরাহ করবে।’

এর আগে, গতকাল ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশে যৌথভাবে করোনা টিকা উত্পাদন শুরু করতে চীন বাংলাদেশ সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

চীন বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছিল এবং একটি ক্রয় চুক্তির অধীনে জুলাইয়ের প্রথম দিকে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত