করোনাভাইরাসের রাশিয়ান ভ্যাকসিন স্পুৎনিক-ভি’র উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টিকার উৎপাদন। এরই মধ্যে সেরামকে স্পুৎনিক-ভি টিকা তৈরির ছাড়পত্রও দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক দপ্তর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও হাতে পেয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সেরাম থেকে রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ ছাড়া পাবে।
এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সংক্রমণ কমলেও এক দিনের ব্যবধানে লাফিয়ে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৪৩। গত কয়েক মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০ জন করোনা সংক্রমণে মারা গেছে। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই মারা গেছে ১ হাজার ৪৮১ জন। এক দিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ১৫৪। একই সময়ে করোনায় ৭২৪ জনের মৃত্যু হয়েছে।
