পটুয়াখালীতে নির্মাণাধীন ‘১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের’ নির্মাণ শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারের নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকসহ নিরাপত্তাকর্মী বক্সে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় সজীব (২৫) নামে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
গেটের সামনে বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন, নিয়মানুযায়ী বেতনভাতা না দিয়ে, অপরিচ্ছন্ন ক্যান্টিনে তাদের থাকতে বাধ্য করছে কর্তৃপক্ষ। ছোটখাটো ভুলত্রুটির জন্য বেতনভাতা থেকে কেটে নেওয়া হচ্ছে মোটা অংকের জরিমানা। প্রতিবাদ করায় শ্রমিকদের ছাঁটাইসহ অভ্যন্তরে প্রবেশে বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে।
