কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৪:৫৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতু থেকে মো. নাসির উদ্দিন বিশ্বাস (৪৯) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার সময় কুমারখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে কুমারখালী থানা পুলিশের দাবি।

নিহত ঠিকাদারি ও ইজারাদারি ব্যবসায়ী নাসির উদ্দিন বিশ্বাস উপজেলার শিলাইদহ গ্রামের বাসিন্দা মৃত আবু ইয়াকুব বিশ্বাসের ছেলে।

নিহতের ভাই মো. বশির উদ্দিন বিশ্বাসের অভিযোগ, তার ভাই নাসিরের শিলাইদহে এনএসবি একটি ইটভাটা রয়েছে এবং চলতি জুলাই মাসে শিলাইদহ খেয়াঘাট ও বালু মহাল ইজারা নিয়ে ব্যবসা শুরু করেন।

তিনি আসন্ন ইউপি নের্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণাও দিয়েছেন।

নাসির উদ্দিন মঙ্গলবার রাতে শিলাইদহ থেকে কুষিটয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসার উদ্দেশে রওনা হন।

পরে গভীর রাতে নাসিরের ফোন থেকে অজ্ঞাত কোনো পথচারী বাড়িতে কল করে জানান নাসির এক্সিডেন্ট করেছে। আমরা সংবাদ পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বশির উদ্দিন আরো দাবি করেন, তার ভাই নাসিরের দেহে এক্সিডেন্টের কোনো আলামত নেই বরং আঘাতজনিত কারণে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। নাসিরের মাথায় ও বুকে যে ধরনের  আঘাতের চিহ্ন রয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দাফন শেষে হত্যা মামলার অভিযোগ এনে মামলা করবেন বলেও জানান তিনি।

নিহত নাসির উদ্দিনের ব্যবসায়িক পার্টনার আশরাফ হোসেন বলেন, যেখান থেকে নাসিরের লাশ উদ্ধার করা হয় তার পাশেই নিরাপদ স্থানে অক্ষত মোটরসাইকেলটি স্ট্যান্ড করে রাখা ছিল। ঘটনা যাই হোক আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের অভিযোগকে নাকচ করে জানান, ব্যবসায়ী নাসির উদ্দিন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছে। হত্যাকাণ্ড বলে পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট আসলেই আসল ঘটনা বোঝা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত