চীনের সঙ্গে হটলাইন স্থাপনের চেষ্টায় যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:৫৫ পিএম

স্নায়ুযুদ্ধ চলাকালীন পারমাণবিক হামলা এড়াতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ‘রেড টেলিফোন’ স্থাপন করা হয়েছিল। এবার চীনের সঙ্গে এমন হটলাইন স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এজন্য বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চীনের কাছে দেশটি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। হোয়াইট হাউজ সূত্র বলছে, চীনের সঙ্গে যেকোনো ধরনের সংঘাত এড়াতে এ পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য জরুরি মুহূর্তে ব্যবহারযোগ্য যোগাযোগ ব্যবস্থা চালু করতে চায় তারা।

যুক্তরাষ্ট্রের দুটি সূত্র বলেছে, এর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে যোগাযোগ করবেন জো বাইডেন। এছাড়া এ দুই নেতার প্রশাসনের শীর্ষ কর্তারাও এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এজন্য সাংকেতিক ভাষা ব্যবহার করা হবে।

তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন রেড টেলিফোন স্থাপনের বিষয় নতুন নয়। এ উদ্যোগ নেওয়া হয়েছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের আমলে। কিন্তু সেই কাজ আর এগোয়নি। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের শেষদিকে এসে এ সংক্রান্ত কাজ এগোয়। বাইডেন প্রশাসন এখন সেই কাজ এগিয়ে নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত