গাজীপুরে বকেয়া বেতনভাতা ও ঈদ বোনাস পরিশোধ এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নগরীর লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফটের শ্রমিক-কর্মকর্তারা। একই দাবিতে গত তিন দিন ধরে তারা বিক্ষোভ চালিয়ে আসছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন খালেক টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে তারাব পৌরসভার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আগুন জ¦ালিয়ে প্রায় তিন ঘণ্টা তারা বিক্ষোভ করেন। বিস্তারিত দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবরে :
গাজীপুরে তিন দিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসা স্টাইল ক্র্যাফটের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই আন্দোলন করে তাদের বেতনভাতা আদায় করতে হয়।
কারখানাটির কর্মী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কারখানায় প্রায় চার হাজার শ্রমিক ও প্রায় ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। চলতি মাসের অর্ধেক পার হয়ে গেলেও তাদের গত জুন মাসের বেতন এবং ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। গত কয়েক দিন ধরে কারখানাটির কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কারখানার শ্রমিকরা একাত্মতা প্রকাশ করেন। পরে তারাও বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এরপরও কারখানা কর্র্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুদিকেই দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ও মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল বিকেল ৫টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে রাখেন।
স্টাইল ক্র্যাফটের সুইং অপারেটর মর্জিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, ‘কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ দেওয়া হলেও কর্র্তৃপক্ষ এখনো তা পরিশোধ করেনি। এছাড়া ওভারটাইমের টাকাও বকেয়া রয়েছে। আমরা আমাদের প্রাপ্য দাবি নিয়ে গত ১০ দিন ধরে কারখানার ভেতর কর্মবিরতি ও তিন দিন ধরে কারখানার ভেতর আন্দোলন করে আসছিলাম। কারখানার কর্র্তৃপক্ষ একাধিকবার বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলেও কিছুই দেয়নি। তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি।’
কারখানার আরেক কর্মী আবু তালেব দেশ রূপান্তরকে বলেন, ‘কারখানা কর্র্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে বেতনভাতা দেয় না। প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয়। চলতি মাসের অর্ধেক পার হয়ে গেলেও এখনো জুন মাসের বেতন পাইনি। ঘর ভাড়া, দোকানের বাকি দিতে না পারায় মানুষের কথা শুনতে হচ্ছে।’
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, কারখানার মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রূপগঞ্জে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের খালেক টেক্সটাইল মিলের শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাব পৌরসভার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আগুন জ¦ালিয়ে তারা বিক্ষোভ করেন।
