ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ‘ছুটি’।
দেশটির সংবাদমাধ্যম জানায়, চলতি বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে যোগী আদিত্যনাথ সরকার। তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি ‘দ্য হোম কামিং’ ও সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।
এ দুটি লেখা পাঠ্যসূচি থেকে বাদ পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।
এ দিকে কিছুদিন আগেই উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে যোগ গুরু রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ ও সাধনা’ অন্তর্ভুক্ত হয়েছে। যা নিয়েও চলছে জোর বিতর্ক।
বাদ পড়ার তালিকা রবীন্দ্রনাথ ও রাধাকৃষ্ণণে শেষ নয়। দ্বাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’ ও মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’। শেলির মতো কবির কবিতাও পড়ানো হবে না উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ গেছে সরোজিনী নায়ডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা।
