নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৬:৩৩ পিএম

নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে লেগুনার আরও ৬ যাত্রী।

শুক্রবার দুপুর দুইটার দিকে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬), গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)। এছাড়া, নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশ জানায়, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার সামনের অংশ দুমড়ে মুচড়ে  রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই  দুজন মারা যায়। আহত হয় আরও ৯ জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।

পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে ৩ জন মারা গেছে। আমরা ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করেছি। একই সাথে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত