ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন স্থানীয় সিরাজ মিয়ার মেয়ে শারমিন (২৫), ছেলে রাজু (২৮) ও রাজুর দুই শিশুকন্যা রোযা (২) ও জান্নাত (৪), রশিদ মিয়ার ছেলে মন্নান (৩১) এবং মোতালেব মিয়ার ছেলে হাবিব (২২)। গত বৃহস্পতিবার রাত ৮টার পর কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এদের মধ্যে মন্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজার পশ্চিমপাড়া বালুর মাঠ এলাকার বাইতুল মামুর জামে মসজিদের পাশে রাজু, মন্নান ও হাবিব বার-বি-কিউ পার্টির আয়োজন করছিলেন। এ সময় রাজুর দুই মেয়ে ও বোন তাদের সঙ্গে যোগ দেয়। সিলিন্ডার ত্রুটিপূর্ণ থাকায় রান্নাঘরে গ্যাসে পরিপূর্ণ হয়ে যায়। পরে আগুন জ্বালাতে গেলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
কোন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আবু বকর জানান, আহতদের মধ্যে একজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। বাচ্চা দুটির প্রায় ৪৬ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে।
