ব্যবসায়ী খুন, বৃদ্ধকে পিটিয়ে ও যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০১:১৫ এএম

নরসিংদীতে ডাকাতরা ছুরিকাঘাতে হত্যা করেছে ব্যবসায়ীকে। কুষ্টিয়ার দৌলতপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। টাঙ্গাইলের দেলদুয়ারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে তরুণকে। প্রতিনিধিদের পাঠানো খবর :

নরসিংদী : বাড়িতে ডাকাতি করার সময় বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরের দিকে পৌর এলাকার নাগরিয়াকান্দিতে এ ঘটনা ঘটে। পরে ডাকাতরা বাড়ির আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পেশায় ইন্টারনেট ব্যবসায়ী নিহত আরিফ পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকার মোবারক হায়াতের ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে তা তদন্তের পর বলা যাবে।

কুষ্টিয়া : দৌলতপুরে গাছ থেকে কাঁঠাল পাড়ার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ইসলাম আলী (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে এ হত্যাকান্ড ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেগুনবাড়িয়া গ্রামের বাসিন্দা নিহত ইসলাম আলীর ১৩ বছর বয়সী নাতি প্রতিপক্ষ গাজীউর রহমান গাজুর গাছ থেকে একটি পাকা কাঁঠাল পাড়ে। এ নিয়ে বৃদ্ধ ইসলাম ও গাজুর মধ্যে তর্কবিতর্ক ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে গাজু। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম আলীকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

টাঙ্গাইল : দেলদুয়ারে শরীফ মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মুন্তাজ ব্যাপারী (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার সোনা মিয়ার ছেলে। দেলদুয়ার থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনার পরপরই মুন্তাজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত