ফল প্রকাশের দাবিতে অনশনে মেডিকেল টেকনোলজিস্টরা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৮:০৩ পিএম

করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ আমরণ অনশন শুরু করেছেন টেকনোলজিস্টরা।

শনিবার কর্মসূচির প্রথম দিন ‘২০২০ টেকনিশিয়ান নিয়োগ বাস্তবায়ন কমিটি’র ব্যানারে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন পালন করা হয়।

কমিটির সাধারণ সম্পাদক মো. নাঈম শেখ দেশ রূপান্তরকে বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশে জন্য আমরা আমরণ কর্মসূচি শুরু করেছি।’

তিনি বলেন, ‘এখন থেকে লাগাতার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ কর্মসূচি চলবে। প্রয়োজনে ঈদের দিনেও থাকবো। আমাদের ফলাফল নিয়ে এখান থেকে যাবো।’

কমিটির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নিয়োগটি এখন পর্যন্ত বাস্তবায়ন করছে না। ঈদের আগে ফল প্রকাশ না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দেবো।’

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের তীব্রতায় সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা এক বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। করোনার এ দুর্যোগ মোকাবিলায় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের অর্পিত দায়িত্ব পালন করে চলছে। অথচ চিকিৎসক ও নার্স নিয়োগ গুরুত্ব পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানদের নিয়োগটি হচ্ছে না।

তারা আরও বলেন, গত  বছরের ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ১,২০০ পদ এবং মেডিকেল টেকনিশিয়ানদের ১,৮০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে।

মেডিকেল টেকনোলজিস্টদের ১,২০০টি পদের বিপরীতে ২৩,৫২২ জন এবং মেডিকেল টেকনিশিয়ানদের ১,৮০০টি পদের বিপরীতে প্রায় ৫০ হাজার জন চাকরি প্রার্থী গত বছরের ১২, ১৮ এবং ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্টদের মৌখিক পরীক্ষা  চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এবং মেডিকেল টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা গত ১০ মার্চ সমাপ্ত হলেও চূড়ান্তভাবে ফল প্রকাশে গড়িমসি করা হচ্ছে।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানদের অবিলম্বে নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত