পানছড়িতে গুলিতে সাবেক ইউপিডিএফ কর্মী নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:৩৫ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রধারীদের গুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক সাবেক কর্মী নিহত হয়েছে বলে জানিয়ে পুলিশ।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের মরাটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মরাটিলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (৩০)। এ সময় একদল অস্ত্রধারী ব্রাশফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান খল কুমার। তিনি পানছড়ি উপজেলার পদ্মিনিপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পানছড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এলাকাবাসী জানিয়েছে, নিহত খল কুমার ত্রিপুরা আগে পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ প্রসীত গ্রুপের সাথে থাকলেও বছরখানেক ধরে তিনি নিষ্ক্রিয়। অবশ্য এ ব্যাপারে ইউপিডিএফের বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খল কুমার ত্রিপুরা আগে তাদের দলে থাকালেও এক বছর আগে থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত