আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়ে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। অবকাশের জন্য বেছে নিয়েছেন ফ্লোরিডাকে।
কিন্তু সেখানে গিয়ে খ্যাতির বিড়ম্বনা পোহাতে হলো আর্জেন্টাইন বরপুত্রকে।
বৃহস্পতিবার মিয়ামির এক রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন মেসি। কিন্তু বের হওয়ার মুখে পড়েন বেজায় বিপাকে। বাইরে ভক্তরা এমন ভিড় জমায় যে, দীর্ঘক্ষণ মেসিকে আটকে থাকতে হয় রেস্তোরাঁয়।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই ভিড়ের মাঝেই রেস্টুরেন্ট থেকে বের হন মেসি। কিন্তু আর্জেন্টিনার কোপা জয়ের নায়কের সঙ্গে একটা সেলফি তোলার জন্য ভক্তরা ঘিরে ধরে তাকে।
মুহূর্তটার একটা ভিডিও ছড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, বেশ বিপদের মুখেই পড়ে গিয়েছিলেন মেসি। ভক্তদের চাপে প্রায় চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছিলেন মেসি! কোনো রকমে নিরাপত্তারক্ষীরা মেসিকে সেই ভিড়ের মধ্যে থেকে বের করে আনেন।
ঠিক এক সপ্তাহ আগে ৩৪ বছরের মেসির হাত ধরে আর্জেন্টিনার ২৮ বছরের শাপমুক্তি ঘটেছে। মেসি অ্যান্ড কোং ব্রাজিলকে হারিয়ে রিও ডি জেনেইরো থেকে কোপা আমেরিকা জয় করে ফিরেছে।
জানা যাচ্ছে মেসি শুধুই ছুটি কাটাতে মায়ামিতে যাননি! ফুটবলমহলের একাংশের মতে মেসি মেজর লিক সকার খেলতে পারেন সামনে।
যদিও অন্য রিপোর্ট বলছে মেসি বার্সেলোনাতেই থাকবেন, এই খবর এক প্রকার নিশ্চিত। জানা যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি করতে চলেছে। এখানেই শেষ নয়, মেসির বেতন প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ ৫০ শতাংশ ‘ওয়েজ কাট’ হতে যাচ্ছে তার। মেসি তাতে সম্মতি দিয়েছেন বলেই দুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।
আরো পড়ুন
