রাজনৈতিক সমঝোতা চায় তালেবান

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:৪৭ এএম

আফগান সরকারের সঙ্গে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছে তালেবান। আফগানিস্তানজুড়ে তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদার করলেও কট্টর ইসলামি গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তিনি এই সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে। গত রবিবার আফগান কর্র্তৃপক্ষের সঙ্গে বৈঠকের প্রথম কিস্তির পর এক বিবৃতিতে তিনি এমনটা জানান বলে জানিয়েছে এএফপি।

তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা যখন কাতারের দোহায় শান্তি আলোচনার নতুন পর্ব শুরু করেছেন, তখন সর্বোচ্চ নেতা এই মন্তব্য করলেন। এতে করে দীর্ঘদিন ধরে স্থিমিত হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও আফগানিস্তানের বাস্তবতা বলছে, প্রতিদিন দেশটিতে আফগান নিরাপত্তা বাহিনী তালেবানদের আক্রমণের শিকার হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তালেবান নেতা আখুন্দজাদা বলেন, সামরিক জয় ও অগ্রগতির পরও ইসলামিক আমিরাত দেশে একটি রাজনৈতিক সমাধানের পক্ষপাতী। তিনি আরও বলেন, ইসলামিক ব্যবস্থা, শান্তি ও নিরাপত্তার যেকোনো সুযোগ ইসলামি আমিরাতের কাজে লাগানো হবে। কিন্তু শান্তি ও নিরাপত্তা প্রশ্নে তালেবান গোষ্ঠী কোন পথ ধরবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

আখুন্দজাদার এমন বিবৃতির পর বিশ্লেষকরা বলছেন, আখুন্দজাদা রাজনৈতিক সমঝোতার কথা বললেও, দেশটিতে তালেবান গোষ্ঠী একাধিক কমান্ডারের অধীনে চলে। এমন অবস্থায় সব কমান্ডার ও আদিবাসী গোষ্ঠীগুলো আখুন্দজাদার রাজনৈতিক সমঝোতায় আগ্রহী না-ও হতে পারে। আর এমনটা হলে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া আরও দূরে চলে যাবে।

কয়েক মাস ধরে দুই পক্ষ কাতারের রাজধানীতে মিলিত হচ্ছে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া গত কয়েক দিনে তালেবান বিভিন্ন এলাকার দখল নেওয়ার কারণে কিছুটা গুরুত্ব হারায় এই আলোচনা। গত রবিবার আবার উভয় পক্ষ আলোচনায় বসে। তালেবান নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, তার গোষ্ঠী যুদ্ধ অবসানে একটি সমাধানে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তিনি ‘বিরোধীদের’ বিরুদ্ধে ‘সময় অপচয়’ করার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমাদের আগের বার্তাই এখনো বহাল। বিদেশিদের ওপর নির্ভর করার বদলে আসুন, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করি এবং বিরাজমান সংকট থেকে মাতৃভূমিকে উদ্ধার করি।’ তালেবান নেতার বিবৃতিতে ঈদের ছুটির সময়ে কোনো আনুষ্ঠানিক অস্ত্রবিরতির কথা উল্লেখ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত