দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০ গ্রামে মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বের কোথাও প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তাদের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরীয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা ঈদ পালন ও পশু কোরবানি দিয়েছেন।
জানা যায়, সুফি সাধক সৈয়দ মাওলানা মোখলেসুর রহমান (র.) শাহর জাহাঁগিরী ২০০ বছর আগে বিশ্বের কোথাও প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তাদের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করার নিয়ম প্রবর্তন করেন।
সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের সৈয়দ মাওলানা আবদুর রহমান শাহ জাহাঁগিরী ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরীয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, আমরা হানাফী মাজহাবের অনুসারী হিসেবে বিশ্বের কোথাও প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে তাদের সঙ্গে মিল রেখে সুফি সাধক সৈয়দ মাওলানা মোখলেসুর রহমান (র.) শাহ’র জাহাঁগিরীর দেখানো পথ অনুসরণ করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।
চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি , দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদি, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারীগণ ঈদুল আজহার নামাজ আদায় করেছে মঙ্গলবার।
এছাড়া বোয়ালখালী, হাটাহাজারী, সন্দীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল ও জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল আজহার নামাজ আদায় করেছে।
মঙ্গলবার জাহাঁগিরীয়া শাহসুফি মমতাজিয়া দরবারের সৈয়দ মো. আলীর ইমামতিতে ১ম জামাত সকাল ৮টায় ও দরবারের শাহজাদা মাওলানা মো. মনজুর আলীর ইমামতিতে ২য় জামাত সকাল সাড়ে ৮টায় ইদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সাতকানিয়া দরবার শরীফের সৈয়দ মাওলানা আবদুল হামিদ শাহর জাহাঁগিরীর (নুরুল আরেফিন) ইমামতিতে মির্জাখীল দরবার শরীফে সকাল ৯টায় ও সৈয়দ মাওলানা ড. মাকসুদুর রহমান শাহর জাহাঁগিরী ইমামতিতে সকাল সাড়ে ৯টায় একই দরবারে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ বছর করোনা ভাইরাসজনিত কারণে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মানতে সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া দরবার শরীফে ঈদের নামাজে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। অনুসারীদের যার যার এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।
