টাঙ্গাইলে কঠোর লকডাউনেও বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়!

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:০২ এএম

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। এসব বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা মানুষের মধ্যে ছিল না কোন স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। ফলে জেলায় করোনার ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার সরেজমিনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া, কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন গড়িলাবাড়ি, যমুনার নিউ ধলেশ্বরীর মোহনায় বেলটিয়া, আলীপুর, ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কে কাটাখালী এলাকায় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে এসব এলাকায় শত শত নারী-পুরুষ ভিড় করছে।

এদিন বাসুলিয়ায় নৌকায় উচ্চ স্বরে গান ও মিউজিকের তালে তালে উদ্দাম নৃত্য চলতে দেখা যায়। নাচতে গিয়ে গত বৃহস্পতিবার ৩৮জন যাত্রী নিয়ে একটি নৌকা তলিয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালীতে রীতিমতো পসরা সাজিয়ে ২০ টাকার টিকিটের মাধ্যমে কফি হাউজে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় করোনাকালেও এসব বিনোদন কেন্দ্রকে ব্যবহার করে এক শ্রেণির ব্যবসার ফাঁদ পেতেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন জানান, খবর পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত নিয়ে বাসুলিয়ার দিকে যাচ্ছেন। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, লকডাউন বাস্তবায়নে একটি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। তিনি সাথে সাথে ওই এলাকায় মোবাইল টিম পাঠাচ্ছেন। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন জানান, খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত