চট্টগ্রামে গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:২১ এএম

চট্টগ্রামে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার ও নির্যাতনকারী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদা আক্তার রেনু (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার তসলিমা আক্তারের (১৫) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

কিশোরীর বাবা আবদুল গণি এজাহারে উল্লেখ করেছেন, গত বছর ১৩ জুলাই থেকে তার মেয়ে তসলিমা চিকিৎসক নাহিদার বাসায় কাজ করছে। মেয়ের সঙ্গে গত তিন মাস কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। গত ১৮ জুলাই বিকেলে তসলিমা বাসা পরিষ্কার করার সময় গৃহকর্ত্রী নাহিদার একটি কাজল পেলে তা চোখে লাগায়। এটি দেখেই তাকে মারধর ও গলা টিপে ধরে। পরদিন চুল কেটে দেয় বলে তার বাবাকে উদ্ধার-পরবর্তী জানায় তসলিমা। গত ২২ জুলাই সকালে মেয়েকে দেখতে গেলে নাহিদা জানায় তসলিমা বাসায় নেই এবং বিভিন্ন বিভ্রান্তমূলক কথাও বলে। দীর্ঘক্ষণ পর তসলিমা তার বাবাকে দেখামাত্র বাসার দ্বিতীয় তলা থেকে নামতে চাইলে তাকে মারধর করে নাহিদা। এরপর আবদুল গণি থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ কিশোরীকে উদ্ধার করে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, নির্যাতনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। তার বাবা বাদী হয়ে নির্যাতনকারীর বিরুদ্ধে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত