রাজধানীতে পৃথক ঘটনায় ৮ মাদক ও জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ আলী আজগর ওরফে কালু ফকির এবং মোঃ মনির মিয়া। তারা বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে গাঁজা পরিবহন করছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।
বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার কারবারি গ্রেপ্তার : এ দিকে ঈদেও দিন যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২৮০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মোছা. ফাতেমা (৩২), মো. হাফিজ (২৬) ও মোছা. রিনা বেগম (২৮)। র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ লাখ জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার : ঈদের আগের দিন গত মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ লাখ জাল টাকাসহ মোছা. মিনারা বেগম ও মো. রাসেল নামে দু’জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আজহারুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
