বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নুর মোহাম্মদও মারা গেছেন। এই নিয়ে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ইজবাইক চালকসহ সাত যাত্রীর সবার মৃত্যু হল।
দুর্ঘটনায় গুরুতর আহত নুর মোহম্মদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর মোহম্মদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতদের সবার পরিচয় পেয়েছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদী হয়ে পিকআপ চালক ওসমান গণিকে আসামি করে একটি মামলা করেছেন।
শনিবার সকালে পুলিশের হাতে আটক ওসমান গণিকে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
এদিকে, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন সড়ক দূর্ঘটনায় সাতজনের অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
নিহতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামের উৎপল রাহা (৪১) ও নয়ন দত্ত (২৫), একই উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের গৌতম দে (৫০), রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫০), একই উপজেলার নুর মোহম্মদ (৬০), বারইপাড়া গ্রামের শেখ রেজাউল (৪৫) ও বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের নজরুল ইসলাম শেখ (৫০)।
বাগেরহাট হাইওয়ে পুলিশের মাদ্রাসাঘাট ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের সবার পরিচয় মিলেছে। নিহতদের স্বজনদের কাছে সবার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের হাতে পিকআপসহ আটক ওসমান গণির বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি মামলা করা হয়েছে। তাকে আজ সকালে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।
