করোনাভাইরাসে আক্রান্ত শুটার জাকিয়া সুলতানা টুম্পার অবস্থা সংকটাপন্ন। শুক্রবার থেকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি।
টুম্পার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে ঈদের আগে। তিনি ও তার বাবা তসলিম উদ্দিন এক সঙ্গে করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর লালমনিরহাটে নিজের গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন টুম্পা। তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে দুজনের অবস্থাই অবনতি হলে ঈদের দিনই তাদের ঢাকায় আনা হয়। টুম্পার বাবা একই হাসপাতালে কেবিনে আছেন। তার অবস্থা কিছুটা স্থিতিশীল।
টুম্পার বড় বোনের স্বামী হাবিবুর রহমান জানিয়েছেন, ‘ডাক্তাররা বলেছে ওর অবস্থা তেমন সুবিধার নয়। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০ এর নিচে থাকছে। ফুসফুস ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত।’
এ অবস্থায় টুম্পার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা ও সবার দোয়া প্রার্থনা করেছেন হাবিবুর রহমান।
বিকেএসপিতে বেড়ে ওঠা টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি।
দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। দুই আসরেই দেশকে পদক উপহার দেন তিনি। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে গিয়েই চতুর্থ হয়েছিলেন তিনি।
আরো পড়ুন
