ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষের জেরে যশোরের ঝিকরগাছায় নয়ন হোসেন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একটি পক্ষ। আহত হয়েছে আরও দুই যুবক। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত নয়ন হোসেন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও মৃত হানিফের ছেলে আশা (২০)।
জহুরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও আশাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে ল্যাং মারাকে কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের মেহেদীকে মারধর করে।
এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়। পরে শনিবার রাতে মীমাংসার জন্য শালিস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ধ্যার দিকে প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে নয়নকে কুপিয়ে জখম করে।
এ সময় জহুরুল ও আশা ঠেকাতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্বজনরা রাত আটটার দিকে নয়ন ও জহুরুলকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ চেষ্টা করছে বলে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক সংবাদিকদের জানিয়েছেন।
