ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:৩৩ পিএম

ফেইসবুকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

রবিবার সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং  সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে এ দাবি জানান। 

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সম্প্রতি তার ফেসবুক পেইজে এক পোস্টে হিন্দু সম্প্রদায়ের সৃষ্টিকর্তা ভগবানকে  নিয়ে একটি পোস্ট দিয়ে নেতিবাচক মন্তব্য করেন। 

ঐক্য পরিষদের নেতারা বলেন, এর মাধ্যমে হাফিজুর রহমান কার্জন জেনে শুনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেননি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাননি, শিক্ষক হিসেবে নৈতিক স্খলনজনিত অপরাধও সংগঠিত করেছেন। 

বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে অধ্যাপক কার্জনের বিরুদ্ধে শনিবার লিখিত অভিযোগ করেন বলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। ফেইসবুকে লেখার বিষয় তো, প্রক্টরকে বলা হয়েছে বিষয়টি যথাযথভাবে দেখতে।

আলোচ্য স্ট্যাটাস মুছে ফেলে রোববার ফেইসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন অধ্যাপক হাফিজুর রহমার কার্জন।

সেখানে তিনি লেখেন, অনেকে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে আমার পোস্টটিতে আহত হয়েছেন। যারা আমার পোস্টটিতে আহত হয়েছেন ও কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখপ্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত