‘সম্প্রচার নীতিমালা’ মানার অনুরোধ অভিনয় শিল্পী সংঘের

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০৯:০৫ পিএম

নাটক বা চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারের ক্ষেত্রে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা’ মেনে করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে টেলিভিশন নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’।

ঈদে প্রচারিত একটি টিভি নাটক নিয়ে বিতর্কের সূত্র ধরে গতকাল সোমবার সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

প্রতিবাদের মুখে ‘ঘটনা সত্য’নামের নাটকটি ইউটিউব থেকে প্রত্যাহার করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নাটকটিতে বিশেষ শিশুদের বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে। রুবেল হাসান পরিচালিত ও আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত ঘটনা সত্য নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়। এ নাটকে নিশো একজন গাড়িচালক আর মেহজাবীন গৃহপরিচারিকা। নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু বাবা-মায়ের অতীত ‘পাপের ফল’। বিষয়টি নিয়ে একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও সমালোচনা হচ্ছে। অনভিপ্রেত এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।

সোমবার অভিনয় শিল্পী সংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ শিশু জন্মের জন্য পিতা-মাতার অনৈতিক কর্মকাণ্ড দায়ী, এটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং সামাজিক রীতিবিরুদ্ধ। আমরা কোনোভাবেই এই বিষয়কে সমর্থন করি না। আমরা নাটকের শিল্পীদের সাথে যোগাযোগ করেছি, তারা এ জাতীয় সংলাপ উচ্চারণ করেননি। ভয়েজ ওভারের মাধ্যমে এই সংলাপ পরিচালক ব্যবহার করেছেন, যা পাণ্ডুলিপিতে উল্লেখ ছিল না। যে বিতর্ক তৈরি হয়েছে তার দায় নিতান্তই পরিচালক ও প্রযোজকের। যেই টিভি চ্যানেল নাটকটি প্রচার করেছে, সেই চ্যানেল শুধুমাত্র টিভি স্বত্ত্ব কিনে টিভিতে চালিয়েছেন। সেখানেও টিভি কর্তৃপক্ষ এই অংশটুকু বাদ দিয়ে চালিয়েছেন। শুধুমাত্র প্রযোজকের নিজস্ব ইউটিউব চ্যানেলে এই বিতর্কিত অংশ প্রচার হয়। আমরা এ ধরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত