প্রধানমন্ত্রীকে ‘হেয় করে’ বক্তব্য: উপজেলা আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০৯:৫৯ পিএম

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হেয় করে’ বক্তৃতা করায় খুলনার তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এফএম অহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বক্তব্য নিয়ে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য নীরব থাকায় তার (এমপি) বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। 

সোমবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারীসহ  শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, গত ১৯ জুলাই দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা ইউনিয়নে চাল বিতরণকালে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে ‘হেয় করে বক্তব্য দেন’ তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এফএম ওহিদুজ্জামান অহিদ। এ সময় মোবাইল ফোনের অপর প্রান্তে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

অনুষ্ঠানটি ফেইসবুকে সরাসরি দেখানো হচ্ছিল।

এ ঘটনায় জেলা ও উপজেলায় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারী বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য প্রদান করার অভিযোগে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সালাম মূর্শেদী কোনো প্রতিবাদ না করায় তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ দলের নেতৃবৃন্দের নিকট জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত