দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় একজন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় একজন ও সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী একজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
গোপালগঞ্জ : কোটালীপাড়া উপজেলায় ট্রাকচাপায় নারগিছ সিকদার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নারগিছ উপজেলার তারাশী গ্রামের ছিদ্দিক সিকদারের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় নাসিমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে হরিনগর পিঠালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসিমা আক্তার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাহেদ আলীর স্ত্রী। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, গতকাল বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি অটোরিকশাকে সোনামসজিদগামী একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন নাসিমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় শাহানা বেগম (৩৫) নামে অটোভ্যান যাত্রী এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর কবরস্থানের সামনে সয়দাবাদ-এনায়েতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহানা বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি মুচিপাড়ার মোকবেল হোসেনের স্ত্রী। বেলকুচি থানা সার্কেলের এএসপি মো. সিদ্দিক আহমেদ জানান, বালুভর্তি ট্রাকটি অটোভ্যানকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন ওই নারী। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
