চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি লিটন দাস খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে পরে খবর মিলল, পারিবারিক কারণে পুরো সিরিজ খেলতে পারবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
শ্বশুরের অসুস্থতার খবরে লিটন জিম্বাবুয়েতে দলের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেছেন। এক বিবৃতিতে যা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার লিটনের ঢাকায় ফেরার কথা।
অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা বলয়ে তাই থাকা হচ্ছে না লিটনের। এ কারণেই খেলতে পারবেন না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
আকরাম বলেন, ‘লিটন অস্ট্রেলিয়া সিরিজে নেই। তাকে একটি পারিবারিক বিষয়ে অংশ নিতে হবে। যাতে আমাদের কিছু করার নেই।’
জিম্বাবুয়েতে জৈব সুরক্ষা বলয়ে থাকা দলটিই ঢাকায় ফিরে হোটেলে ফের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। বাইরে থাকা কাউকে নির্ধারিত সময় কোয়ারেন্টাইন করে তবেই সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে। তবে কোয়ারেন্টাইনে প্রবেশের সময় এরই মধ্যে পেরিয়ে গেছে। লিটনের পক্ষেও তাই এই সিরিজে খেলা সম্ভব নয়।
একই কারণে মুশফিুকর রহিমও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না। বাবা-মার করোনা আক্রান্ত হওয়ার খবরে যিনি টেস্ট খেলেই জিম্বাবুয়ে থেকে ফিরে আসেন। তামিম ইকবালও চোটের কারণে থাকছেন না অস্ট্রেলিয়া সিরিজে।
সব মিলে জিম্বাবুয়ে সফরে থাকা দল এরই মধ্যে ১৭ সদস্যে নেমে এসেছে। ২৯ জুলাই তারা ঢাকায় পৌঁছাবে। একই দিন অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। ৩ আগস্ট শুরু হওয়ার কথা সিরিজ।
