খানজাহান আলীর মাজারের দিঘীতে ৭৩ সুন্ধি কচ্ছপ অবমুক্ত

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:০৬ পিএম

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকা থেকে উদ্ধার হওয়া ৭৩টি সুন্ধি কচ্ছপ ঐতিহাসিক হযরত খানজাহান আলী মাজারের দিঘীর মিষ্টি (সাধু) পানিতে অবমুক্ত করেছে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ঐতিহাসিক হযরত খানজাহান আলী মাজার দিঘীতে এই সুন্ধি কচ্ছপ অবমুক্ত করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এর আগে গত জানুয়ারিতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ৫২টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে প্রত্নতত্ত্ব বিভাগের বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ সমজিদের ঘোড়া দিঘীতে অবমুক্ত করেছিল।

হারিয়ে যেতে বসা মিষ্টি পানির বিরল প্রজাতির এই কচ্ছ রক্ষায় সংরক্ষিত এলাকায় বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই উদ্যোগ নিয়েছে।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে ৭৩টি সুন্ধি কচ্ছপসহ হাতেনাতে একজনকে আটক করা হয়।

তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। বিভিন্ন ধরনের প্রাণী পাচার ও শিকার রোধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ই আমরা কচ্ছপ, অতিথি পাখি এবং বিলুপ্ত প্রায় নানা প্রজাতির প্রাণি উদ্ধার করছি এবং এগুলো আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে কাজ করছি।

এই ধারাবাহিকতায় উদ্ধার কচ্ছপগুলোকে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ঐতিহাসিক খানজাহান আলীর মাজার দিঘিতে ৭৩টি কচ্ছপ অবমুক্ত করা হলো।

তিনি আরও বলেন, খানজাহান আলী মাজারে অবমুক্ত করা এই সুন্ধি কচ্ছপগুলো এক সময়ে খাল বিল জলাশয় ও পুকুরে দেখা যেত। কিন্তু মানুষের নির্বিচারে শিকারের কারনে এই প্রজাতিটি আজ প্রায় বিলুপ্তির পথে। খানজাহান আলী মাজারের এই কচ্ছপগুলো অবমুক্তির মাধ্যমে একটি বার্তা দিতে চাচ্ছি যে এই কচ্ছপগুলো এখানে থাকবে এবং বংশ বৃদ্ধি করবে।

এখানে আসা পর্যটকরা কচ্ছপ দেখবে জানবে এবং তারাও এগুলোকে রক্ষায় এগিয়ে আসবে। কচ্ছপ ইকো সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এগুলোকে রক্ষা করার দায়িত্ব সবার। এই কচ্ছপ এখানে নিরাপদে বিচরণ করবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে বলে মনে করেন এই কর্মকর্তা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, কোটগার্ড ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জেলার দিগরাজ বাজার থেকে ৭৩টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে। দুষ্কৃতিরাকারিরা এই কচ্ছপগুলো শিকার করে বাজারে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে সাজা দিয়েছে।

উদ্ধার হওয়া কচ্ছপগুলো ঐতিহাসিক খানজাহান আলীর মাজার দিঘীতে অবমুক্ত করা হলো। সরকার আইন করেছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২। এই আইনের উদ্দেশ্য হলো এই বন্যপ্রাণীকে তাদের স্বাভাবিকভাবে প্রকৃতিতে বিচরণ করার সুযোগ দিতে হবে। এগুলোকে কোন ভাবেই শিকার করা যাবে না বা বাজারজাত বিক্রয় করা যাবে না।

বন্যপ্রাণী সংরক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগ তৎপর রয়েছে। যখনই খবর পাই তখনই আমরা তাদের আইনের আওতায় আনি। উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে নিরাপদ নিজস্ব আবাসস্থল যেটা সেই মিষ্টি পানিতে উন্মুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত