সাভারে নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের (৩৬)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরও কোনো খোঁজ না পাওয়ায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা। যে কোনো কিছুর বিনিময়ে তারা এখনো ছেলে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। তিনি মোতালেব, শামসুজ্জামান ও রবিউল ইসলাম নামে তিন ব্যক্তিকে সঙ্গে নিয়ে গত দুই বছর আগে সাভারের জামগড়া বেরন এলাকার জাহিদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এর পর থেকে পার্শ্ববর্তী স্বপ্ননিবাসে ভাড়া থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিখোঁজ অধ্যক্ষের ছোট ভাই দীপক চন্দ্র বর্মন বলেন, আমার দাদা নিখোঁজের ১৪ দিন হলো, বিভিন্ন জায়গায় খুঁজেছি, থানায় সাধারণ ডায়েরি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তাকে খুঁজে না পাওয়ার চিন্তায় আমাদের বৃদ্ধ বাবা-মা আজ মৃত্যুশয্যায়।
সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিখোঁজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে খুঁজে পেতে চেষ্টা চলছে। অধ্যক্ষের সহকর্মী এবং বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রতিষ্ঠানটির ভাড়া বাবদ প্রায় চার লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। এছাড়া একজন সহকর্মীর মোবাইল ফোনও একই দিন থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
