গত মে মাসে গাজা সংঘাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সেনাবাহিনী স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত মঙ্গলবার এক তদন্ত প্রতিবেদনে এই দাবি করেছে সংস্থাটি।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি তিনটি হামলায় ৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলার লক্ষ্যস্থলের আশপাশে কোনো সামরিক টার্গেটের প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ছোড়া ৪ হাজার ৩০০টি রকেট বেসামরিকদের বিরুদ্ধে নির্বিচার আক্রমণ ছিল। মে মাসে ইসরায়েল ও হামাসের ১১ দিনের সংঘাতে গাজায় অন্তত ২৬০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতে গাজায় নিহতদের মধ্যে অন্তত ১২৯ জন বেসামরিক নাগরিক। যদিও ইসরায়েলের দাবি, তাদের অভিযানে ২০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। আর হামাস তাদের ৮০ জন যোদ্ধা নিহতের কথা স্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যে তিনটি হামলার কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর কাছাকাছি কোনো সামরিক লক্ষ্যবস্তু থাকার প্রমাণ পাওয়া যায়নি।
