নাগরপুরে ভিক্ষুকের বাড়ি দখলের পাঁয়তারা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:২৯ এএম

টাঙ্গাইলের নাগরপুরে মুজিবর রহমান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুকের বাড়ি স্থানীয় প্রভাবশালীরা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভিক্ষুক মজিবর রহমান উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামের মৃত  সোহরাব আলীর ছেলে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিবন্ধী ভিক্ষুক মজিবর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক মজিবর রহমান হাটবাজারে ভিক্ষা করে পরিবার-পরিজন নিয়ে কোনোরকমে দিন কাটাচ্ছেন। রসুলপুর বনগ্রাম মৌজায় ৫২ নম্বর দাগে ৩১ শতাংশ জমি তিনি শ^শুরের কাছ থেকে পান। এরপর ঘরবাড়ি করে প্রায় ৫০ বছর ধরে নির্বিবাদে ভোগ দখল করে আসছেন। সর্বশেষ জরিপে ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত হয়। ওই জমিতে মজিবর রহমান বসতভিটা নির্মাণ করে বসবাস করা অবস্থায় গোপনে স্থানীয় প্রভাবশালী আবদুল জলিল মিয়া ও পতিজান  বেগম বন্দোবস্ত নেন। এর পর থেকেই তারা মজিবরকে অনবরত হুমকি দিয়ে আসছেন।

মজিবর বলেন, আমার জন্ম এই বাড়িতেই, আমি একজন ভূমিহীন এবং প্রতিবন্ধী। পরিবারের সদস্য নিয়ে এ বাড়িতে প্রায় ৫০ বছর যাবৎ বসবাস করছি। জীবিকার প্রয়োজনে বিভিন্ন হাটে হাটে ঘুরে বেড়াই। এই সুযোগে আব্দুল জলিল ও পতিজান বেগম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে লিজ নিয়েছেন। লিজ বাতিলের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করেছেন মজিবর।

প্রতিবেশী তারাভানু, আব্দুল মতিন ও রফিক মিয়া জানান, তাদের জন্মের আগে থেকেই ভিক্ষুক মজিবর এখানে বসবাস করছেন। কীভাবে আব্দুল জলিল ও পতিজান বন্দোবস্ত পেল তা আমাদেন বোধগম্য নয়।

এ ব্যাপারে লিজ গ্রহীতা জলিলের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপর লিজ গ্রহীতা পতিজানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ছেলে হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সরকার লিজ দিছে আমরা নিছি। যে ভাবে পারছি সে ভাবেই নিছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত