কক্সবাজারের খুরুশকুলে সিএনজির গতিরোধ করে নুরুল হক লালু (১৯) নামের এক কিশোরকে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে খুরুশকুল ইউনিয়নের পেঁচার ঘোনা হাম্বার গোরায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক লালু ওই এলাকার মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের দ্বিতীয় ছেলে।
এ ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের বোন জামাতা সাহেদ খান অভিযোগ করেন, আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নুরুল হক লালু পেঁচার ঘোনা হাম্বার গোরা টমটম গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন।
তিনি বলেন, পথিমধ্যে সিএনজির গতিরোধ করে একদল চিহ্নিত সন্ত্রাসী তার মুখ বেঁধে খালি মাঠে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ।
তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে’র মোবাইল ফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
