চৌদ্দগ্রামে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৪:৪২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপু (৪৩), চিওড়া গ্রামের জহিরুল হকের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাজমুল হক বাবর (৪৮), সাঙ্গিশ্বর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি অলি উল্যাহ লিটন (৪০), ডিমাতলী গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৪) ও চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহনেওয়াজ কাজল (৫৬)।

বিষযটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দিন টিপুর বাড়িতে গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টিপুসহ আরও পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত