ট্রেলার: ‘হাউস অব গুচি’ যেন অস্কারের মঞ্চ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৩:৪৮ পিএম

এ বছরটাই অস্কার-জয়ী পরিচালক রিডলি স্কটের। ঐতিহাসিক এপিক ‘দ্য লাস্ট ডুয়েল’ মুক্তি পাবে অক্টোবরে, পরের মাসেই আসবে ‘হাউস অব গুচি’। দুই ছবিই তারকাবহুল। এর মধ্যে দ্বিতীয় ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে শুক্রবার।

সারা গে ফর্ডানের নন-ফিকশন বই ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। ফ্যাশন জগতের সাম্রাজ্য গুচির এক সময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যার ঘটনা ছবির বিষয়।  

ছবিতে এক সারি তারকা অভিনয় করেছেন, যাদের নামের পাশে অস্কার-জয়ী বা মনোনয়নপ্রাপ্ত এমন অভিধা রয়েছে। ট্রেলারে যে কথা যোগ করে দিয়েছেন নির্মতা।

তবে মৌরিজিও ও তার স্ত্রী প্যাট্রিজিয়া রেজিগিনি চরিত্রে অ্যাডাম ড্রাইভার ও লেডি গাগা মূল আকর্ষণ। বিশেষ করে গায়িকা-অভিনেত্রীর কথাই বলছে সবাই।

এ ছবির কাহিনি বিস্তারিত অনেকেরই জানা। সেই অর্থে ফাঁস হওয়ার মতো কোনো ঘটনা নেই। তবে অভিনয়, নির্মাণ ও বস্তুনিষ্টতা; বিশেষ করে গুচি পরিবারের আশঙ্কার দিকে মনোযোগ সবার।

প্যাট্রিজিয়ার ভাড়া করে হিটম্যান খুন করে মৌরিজিওকে। এক তরুণীর সঙ্গে স্বামীর পরকীয়ার কারণে ডিভোর্স নিতে হয় তাকে। সে অপমানের শোধ নিতেই এ খুন। ১৯৯৫ সালের এ ঘটনায় ২৯ বছরের জেল হয় তার। সে গল্পে লেডি গাগা এবার পরীক্ষা দিতে চলেছেন।

 

 

এ ছবিতে আরও রয়েছে জ্যারড লেটো, ভারি মেকআপের কারণে ট্রেলারে চিনতে যে কারো কষ্ট হবে। আছেন জেরেমি আয়রনস, জ্যাক হিউস্টন, সালমা হায়েক ও আল পাচিনোর মতো তারকারা।

একটি চরিত্রের জন্য কথা হয়েছিল রবার্ট ডি নিরোর সঙ্গে। কিন্তু দুঃখজনকভাবে পাচিনো ও নিরোকে এক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত