বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের জোকা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার দুপুরে উদ্ধার হওয়া শিশু লিমনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শিশুটিকে কেন কারা হত্যা করেছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
লিমন মোল্লা মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের জোকা গ্রামে এনামুল মোল্লার ছেলে। সে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু লিমন তার বাবার সঙ্গে পার্শ্ববর্তী কালিকাবাড়ি বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে লিমন তার বাবার সঙ্গ ছেড়ে পেছনে থেকে যায়। এখানে আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা শিশু লিমনকে পার্শ্ববর্তী একটি সুপারি বাগানে নিয়ে সুপারির পাতা দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেয়। অন্ধকার হয়ে গেলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন তার বাবা এনামুল। জোকা গ্রামের জনৈক ইউনুস নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী এক সুপারি বাগানে কান্নার শব্দ শুনতে পেয়েছেন জানালে স্থানীয়রা ডোবায় লিমনকে পাওয়া যায়।
ওসি বলেন, সেখান থেকে উদ্ধার করে লিমনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশীদের সঙ্গে পূর্ববিরোধ এবং পারিবারিক কিছু সমস্যার কথা জানতে পারছি। শিশুটিকে কারা কেন হত্যা করেছে তা উদ্ঘাটনে কাজ করছি।
