সাভারে অপহৃত শ্রমিক নেতাকে ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০:২৩ পিএম

সাভারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে রতন হোসেন মোতালেব (৩১) নামে এক শ্রমিক নেতাকে তুলে নিয়ে নিজের গোডাউনে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ী রাজু আহমেদের গোডাউন থেকে অপহৃত ওই  শ্রমিক নেতাকে উদ্ধার করেছে। এর আগে সকালে শ্রমিক নেতার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত শ্রমিক নেতার নাম মো. রতন হোসেন মোতালেব ঢাকার ধামরাই উপজেলার মাকুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভার-আশুলিয়ার তৈরি পোশাক শ্রমিকদের নিয়ে কাজ করতেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে মোতালেবকে কলমা এলাকার নিজের ভাড়া বাসার সামনে থেকে ৪/৫ জন সন্ত্রাসী একটি সাদা রঙের হাইয়েস গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে আশুলিয়ার গৌরীপুর এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদের গোডাউনে মোতালেবকে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়। পরে বিষয়টি জানিয়ে দুপুরে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃতের স্ত্রী সুলতানা পারভীন।

উদ্ধার হওয়া শ্রমিক নেতা রতন হোসেন মোতালেব বলেন, আশুলিয়ার রাজু মার্কেট এলাকার ব্যবসায়ী রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদের দেহরক্ষী আব্বাস আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কথা বলার একপর্যায়ে জোরপূর্বক রাজুর গাড়িতে করে তুলে নিয়ে যায়। পরে আমাকে রাজু আহমেদের একটি সিমেন্টের পাইপের গোডাউনে আটকে রেখে প্রথমে লোকজন দিয়ে মারধর করে। পরে রাজু নিজেও আমাকে মারধর করে এবং আমাকে মেরে ফেলার জন্য তার লোকদেরকে আদেশ দেয়।

তবে এ বিষয়ে জানতে রাজু গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী রাজু আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এ বিষয়ের সত্যতা চেয়ে একটি খুদে বার্তা পাঠানো হলে তিনি জানান, রতন এখন পুলিশ ক্যাম্পে আছে। গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম শ্রমিক নেতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত