ইংল্যান্ড সিরিজ স্থগিতের খবরে যা বলছে বিসিবি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১১:০৪ পিএম

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের খবর জানিয়েছে ক্রিকইনফোসহ বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, এখনো সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত হয়নি।

তবে দুই পক্ষের মধ্যে যে এ নিয়ে আলোচনা চলছে তা পরিষ্কার সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায়।

সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন বলেন, ‘সফর স্থগিত হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলেরই খেলা বেশি হয়ে যাচ্ছে বলে খেলোয়াড়দের বিশ্রাম দিতে সিরিজটি বিশ্বকাপের পর আয়োজন করা যায় কি-না, তা নিয়ে ইসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ইংল্যান্ডের। টি-টোয়েন্টি সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছিল দুই দলই। অন্যদিকে ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।

নিজাম উদ্দিন বলছেন, ‘আইসিসি সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজটির সূচি পুনর্নির্ধারণ নিয়ে ইসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে। যদি সিরিজটি আগের সূচিতেই থাকে, তাহলে তা আর জানানোর কিছু নেই। যদি নতুন সূচিতে হয়, আমরা সময়মতো তা জানিয়ে দেব।’

যোগ করেন, ‘সে ক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সুবিধাজনক কোনো সময়ে সিরিজটি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত