সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড।
ক্রিকইনফো ছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমেও সিরিজটি স্থগিতের খবর প্রকাশ হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এখনো স্থগিতের সিদ্ধান্ত হয়নি। কেবল আলোচনা চলছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে চেয়েছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
কি কারণে সিরিজটি স্থগিত করেছে ইংল্যান্ড তা স্পষ্ট নয়। তবে ক্রিকইনফো লিখেছে, সিরিজটি স্থগিত হওয়ায় ইংলিশ ক্রিকেটারদের সামনে আইপিএলে খেলার দুয়ার খুলে গেল।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএল। বছরের শুরুর দিকে ২৯টি ম্যাচ হওয়ার পর করোনার কারণে যে আসর স্থগিত হয়ে যায়।
এদিকে অক্টোবরে দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। সেই সফর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পরিষ্কার নয় বলে ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে।
