ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আজও ফিরছেন কর্মজীবীরা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৮:১৯ এএম

গত রবিবার দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল করার কথা থাকলেও আজ মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চলছে। বাস, ট্রাক, পিকআপভ্যানসহ বিভিন্ন যানে কর্মজীবীরা ফিরছেন।

আজ সকালে মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে চরপাড়া পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কে বাসসহ বিভিন্ন যানবাহন চলছে। মহাসড়কে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের পশ্চিম পাশে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন জাকিয়ার হোসেন। তিনি একটি কারখানায় চাকরি করেন।

সকাল ছয়টার দিকে মহাসড়কের চড়পাড়া এলাকায় প্রায় ১০ মিনিট অবস্থান করে দেখা যায়, প্রতি মিনিটে দু–তিনটি বাস চলছে। আর অন্য পরিবহন চলছে মিনিটে পাঁচ থেকে ছয়টি।

এ সময় ঢাকাগামী আজমেরী গ্লোরি, নাদের পরিবহন, এস আর ট্রাভেলস, হাজী ট্রাভেলস, ইউনাইটেড, হিমাচল, তুহিন সুপারসহ বিভিন্ন পরিবহন দেখা যায়। আর উত্তরাঞ্চলগামী আগমনী, স্বপ্না-শান্ত, হানিফ এন্টারপ্রাইজ, তয়েজসহ কয়েকটি প্রতিষ্ঠানের বাস চলতে দেখা গেছে।

মুঠোফোনে মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক মো. শওকত হোসেন বলেন, ‘মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকার কথা। তবে আমরা বাস চলতেও বলছি না। নাও করছি না। এখনো কিছু শ্রমিকের ফেরা বাকি আছে। শেষ মুহূর্তে যাতে তারা গন্তব্যে যেতে পারেন, এ জন্য তেমন কিছু বলা হচ্ছে না।’

আরও পড়ুন..ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

×
সর্বশেষ সর্বাধিক পঠিত