দেবিদ্বারে করোনায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঁখির মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৭:৩০ পিএম

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আঁখি করোনায়  আক্রান্ত হয়ে টানা ১৪ দিন লড়াইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাহমিনা পারভিন আঁখি দেবীদ্বার উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তার স্বামী দেবীদ্বার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু বলেন, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আঁখি। টানা ১৪ দিন লড়াইয়ের পর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার বাদ আসর দেবিদ্বার রেয়াজউদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থালে মরদেহ দাফন করা হবে।

আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজদ, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত