সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন করতে সিআরবিতে হাসপাতাল নির্মাণের অপতৎপরতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, হাসপাতাল হতে হবে সাধারণ মানুষের সেবার জন্য, বিত্তবানদের জন্য নয়। আমরা হাসপাতাল চাই, তবে সিআরবিতে কোনোভাবে নয়। হাসপাতালের জন্য সিআরবি ছাড়া আরো অনেক বড় জায়গা আছে। সিটি করপোরেশনেরও জায়গা আছে। চাইলে আমরা হাসপাতালের জন্য জায়গা দেব। কিন্তু তার আগেই আমরা নিশ্চয়তা চাই সিআরবিতে কোনো হাসপাতাল নয়।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে নাগরিক সমাজ চট্টগ্রামের পক্ষে দেওয়া স্মারকলিপি গ্রহণকালে এসব বলেন তিনি।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম দরদী, ঐতিহ্য সচেতন ও প্রকৃতিপ্রেমী। এ জন্য তিনি সারাবিশ্বে প্রশংসিত ও বরেণ্য হিসেবে স্বীকৃত। আমরা কিছুতেই তার এ অনন্য স্বীকৃতিকে ম্লান হতে দেব না। চট্টগ্রামের নানা জায়গায় ইতিহাস-ঐতিহ্যের অনেক হীরক খণ্ড ছড়িয়ে আছে। এখনে সিপাহী বিদ্রোহ, বৃটিশবিরোধী সশস্ত্র লড়াইয়ে মাস্টার দা সূর্য সেনের বিপ্লবী কর্মকাণ্ড, ঐতিহাসিক ৬ দফা ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধসহ অনেক কালজয়ী ঘটনা সংঘটিত হয়েছিলো। নতুন প্রজন্মের ইতিহাস অন্বেষণ ও জ্ঞান চক্ষু উম্মীলনের স্বার্থেই এ গৌরবদীপ্ত ঐতিহ্যের স্থানগুলো সনাক্ত করে রক্ষাণাবেক্ষণ করা হবে।
মেয়র আরো বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্য স্মারক। এখানে প্রাকৃতিক সৌন্দর্য্য ও বৈভবহানি করে হাসপাতাল তো নয়, ইট-পাথরের কোনো স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। চট্টগ্রাম নগরীর যেখানেই মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মৃতিময় স্থান রয়েছে, সেগুলো যথাযথ সংরক্ষণ করে সেখানে ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ তাৎপর্যমণ্ডিত সৌধ স্মারক স্থাপনা গড়ে তোলা হবে।
নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব রাশেদ হাসান, মিটুল দাশ গুপ্ত, স্বপন মজুমদার, নুরুল আজিম রনি, হামিদ উল্লাহ, সুজন ঘোষ, প্রিতম দাশ, মোরশেদ তালুকদার প্রমুখ।
